আগামী ৯ই অক্টোবর থেকে ফ্রি অ্যাকাউন্টে শুধু মিলবে ‘জেমিনি ফ্ল্যাশ লাইট’; ‘প্রো’ ও ‘ফ্ল্যাশ’ মডেলে চার্জ কার্যকর করছে গুগল
যুগান্তর ডেস্ক: বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা ব্যবহারের নিয়মে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। আগামী ৯ই অক্টোবর থেকে সাধারণ বা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ‘জেমিনি ফ্ল্যাশ’ ও ‘জেমিনি প্রো’ মডেল ব্যবহারে অর্থ খরচ করতে হবে। ফ্রিতে ব্যবহারকারীরা এখন থেকে কেবল সাশ্রয়ী ‘জেমিনি ফ্ল্যাশ লাইট’ মডেল ব্যবহারের সুযোগ পাবেন।
আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট সূত্রে জানা গেছে, বর্তমানে জেমিনির অ্যাপ ও প্রিমিয়াম ডেস্কটপ সংস্করণে তিনটি ভিন্ন বিকল্প সুবিধা থাকলেও ৯ই অক্টোবর থেকে নতুন মূল্যনীতি কার্যকর হচ্ছে।
গুগল জানায়, জেমিনির তিনটি মডেলে সক্ষমতার তারতম্য রয়েছে। এর মধ্যে সবচেয়ে সাশ্রয়ী ‘ফ্ল্যাশ লাইট’ মডেলটি ফ্রি ব্যবহারকারীদের জন্য থাকবে। তবে কোডিং, জটিল যুক্তি বিশ্লেষণ, গবেষণা ও ফাইল বা ভিডিও পর্যালোচনার মতো মানসম্পন্ন কাজের উপযোগী ‘জেমিনি ফ্ল্যাশ’ এবং ‘জেমিনি প্রো’ ব্যবহার করতে হলে সাবস্ক্রিপশন কিনতে হবে।
নতুন এই নিয়মে মাসিক ৫ ডলারের ‘গুগল এআই প্লাস’ ব্যবহারকারীরাও জেমিনি ৩.১ প্রো সংস্করণের সুবিধা থেকে বঞ্চিত হবেন। জেমিনির উন্নত সেবা ও প্রফেশনাল লেভেলের কাজের জন্য ব্যবহারকারীদের প্রতি মাসে ২০ ডলার খরচে ‘এআই প্রো’ প্ল্যান নিতে হবে। আর সর্বোচ্চ ব্যবহারের সুবিধাসম্পন্ন ‘এআই আল্ট্রা’ সাবস্ক্রিপশনের জন্য গুনতে হবে মাসে ১০০ ডলার।
পাশাপাশি, গুগল জেমিনিতে নতুন ‘এফোর্ট লেভেল’ (Effort Level) যুক্ত করছে। লো, মিডিয়াম এবং হাই—এই তিন স্তরের অপশন বেছে নিয়ে ব্যবহারকারীরা উত্তরের গভীরতা ও সক্ষমতা নির্ধারণ করতে পারবেন। তবে উচ্চ সক্ষমতা ব্যবহারের ফলে দৈনিক ব্যবহারের নির্ধারিত সীমা দ্রুত শেষ হবে।
এছাড়া ‘এআই আল্ট্রা’ গ্রাহকরা জেমিনির সবচেয়ে শক্তিশালী ‘ডিপ থিঙ্ক’ অপশন ও ‘জেমিনি ৪ আর্গন’ ব্যবহারের এক্সক্লুসিভ সুযোগ পাবেন, যা বর্তমানে নির্দিষ্ট কিছু সরকারি ও বিশ্বস্ত প্রাতিষ্ঠানিক অংশীদারদের জন্য সীমাবদ্ধ ছিল।