মধ্যরাতে মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টার মধ্যে এসব ভূকম্পন অনুভূত হয়। পরবর্তীতে রোববার ভোরের দিকেও চতুর্থ দফায় আরও একটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, শনিবার রাত ১২টা ১২ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। এর প্রভাবে কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রাম অঞ্চল কেঁপে ওঠে।
এর ঠিক এক মিনিট পর রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়। এর কম্পন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ আশপাশের কয়েকটি জেলায় স্পষ্টভাবে অনুভূত হয়।
পরবর্তীতে রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলা ও ডালাই এলাকায় ৩.৮ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু কম্পন অনুভূত হয়।
এদিকে রোববার ভোর ৪টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ৪.৮ মাত্রার আরও একটি ভূকম্পন রেকর্ড করে, যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে। এ সিরিজ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।