গাছা থানার মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তিন তলায় আগুনের সূত্রপাত; হতাহতের কোনো খবর নেই, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টা অব্যাহত।
জাতীয় ডেস্ক
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন ডেগেরচালা এলাকার ফকির মার্কেট সংলগ্ন একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামের ওই কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কারখানাটির আটতলা ভবনের তৃতীয় তলা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে তীব্র ধোঁয়ার সৃষ্টি করে। খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
পরবর্তীতে আগুনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ১টি, গাজীপুর ফায়ার স্টেশনের আরও ৩টি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিটসহ মোট ৯টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।