টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বাঁশ ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে সেতুটি পরিদর্শন করে রডের বদলে বাঁশ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। তিনি জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে সেতুটির ঢালাইয়ের কাজ পরিচালনা করা হচ্ছিল। সন্দেহ হলে তারা কাছে গিয়ে দেখেন, ঢালাইয়ের কাঠামোর ভেতরে লোহা বা রডের বদলে ব্যবহার করা হচ্ছে কঞ্চি ও বাঁশের টুকরো। এ দৃশ্য দেখার পর স্থানীয়রা এর প্রতিবাদ জানান এবং ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ এই সেতুটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে মেয়াদ বাড়ানো হয়। বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
স্থানীয়দের দাবি, সরকারের কোটি কোটি টাকা খরচে নির্মিত এই সেতুটিতে বাঁশ ব্যবহারের কারণে শুরুতেই এর স্থায়িত্ব ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তসহ কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।