অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরে নৌকা ডুবে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিআইডির মানবপাচার ইউনিট (টিএইচবি) মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের মো. রফিকুল ইসলাম রফিক বাঘা (৫৪) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানোরিয়া গ্রামের মো. আমির হোসেন স্বপন (৩৮)।
সিআইডি জানায়, ২০২৩ সালের ৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কয়েকজন বাংলাদেশিকে বৈধভাবে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে যায়। পরে সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হলে তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে আট বাংলাদেশির করুণ মৃত্যু হয়। পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় নিহতদের মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মামলার তদন্তে জানা গেছে, এই চক্রটি ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। গ্রেপ্তারকৃতরা নিহত রাসেল শেখ (১৯)-এর পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং পাচারকারী চক্রের অন্য সদস্যদের কাছে টাকা পৌঁছে দেওয়ার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেপ্তারদের ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় এর আগে গুরুদাস বারই (৪৫) ও মো. মোতলেব মাতব্বর (৬৮) নামের আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।
সিআইডি আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সদস্য, পলাতক আসামি এবং দেশি-বিদেশি চক্রকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতারক চক্রের প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া কাউকে অর্থ বা পাসপোর্ট না দেওয়ার জন্য নাগরিকদের সতর্ক করেছে সংস্থাটি।