হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একটি গাড়ি থেকে প্রায় পৌনে চার কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহভাজন একটি গাড়ি থামানোর চেষ্টা করা হয়। এ সময় গাড়ির চালক শামীম মিয়া পালিয়ে যান।

পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ১৪টি সোনার বার ও ১২টি সোনার পাত উদ্ধার করা হয়। কাস্টমসের পরীক্ষায় উদ্ধার করা স্বর্ণ ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে। এর মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

গাড়ি থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ, ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডসহ বিভিন্ন নথিও উদ্ধার করা হয়েছে। স্বর্ণের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।