সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তার তিন সৎ ভাইসহ আটজনের বিরুদ্ধে দিরাই আমলি আদালতে মামলা করেছেন তার দ্বিতীয় স্ত্রী পারভিন আক্তার। মামলায় অভিযোগ করা হয়েছে, নাছির উদ্দিন চৌধুরীর দুই স্ত্রী ও সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করে সম্পত্তি আত্মসাতের পরিকল্পনা করা হয়েছিল।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ২৫ জানুয়ারি অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম নাছির উদ্দিন চৌধুরীর কাছ থেকে দলিলে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়। এতে তিনি রাজি না হলে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে স্বাক্ষর না করলে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত। তবে অভিযোগ অস্বীকার করে মামলার এক আসামি বলেছেন, আইনিভাবেই এর জবাব দেওয়া হবে।