জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) রাজধানীর শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউ এলাকায় আয়োজিত রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচিকে কেন্দ্র করে ভোর ৫টা থেকে বিশেষ ট্রাফিক ডাইভারশন কার্যকর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
উদ্বুদ্ধ যানজট এড়াতে সাধারণ জনগণকে শাহবাগ ক্রসিং, সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়ক এবং খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত পথ পরিহার করার পরামর্শ দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডিএমপির পরিবর্তিত রুট নির্দেশনা
- ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহন: হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং হতে বামে মোড় নিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করবে।
- গোলাপশাহ মাজার ক্রসিং থেকে: হাইকোর্ট ও মৎস্য ভবন ক্রসিং হয়ে শাহবাগগামী যাত্রীবাহী যানবাহন কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে যাতায়াত করবে।
- সায়েদাবাদ থেকে শাহবাগগামী যানবাহন: মিরপুর রোড হয়ে নিউ মার্কেট, আজিমপুর, চানখারপুল ও বকশীবাজার ক্রসিং অথবা বাটা ও কাটাবন ক্রসিং হয়ে ডানে/বামে মোড় নিয়ে হাতিপুল, পলাশী ও নীলক্ষেত ক্রসিং ব্যবহার করবে।
- মিরপুর রোড থেকে ফার্মগেট (মানিক মিয়া এভিনিউ হয়ে): গণভবন ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটে যাবে।
- ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ (ইন্দিরা রোড হয়ে): খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে যাবে।
- ধানমন্ডি ২৭ থেকে ফার্মগেট: আসাদগেট-গণভবন ক্রসিংয়ে ডানে ইউটার্ন করে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ফার্মগেটে চলাচল করবে।
- আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং: গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে ফার্মগেটে যাবে।
- এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড হয়ে আসাদগেট দিয়ে ধানমন্ডির দিকে যাতায়াত করবে।
- মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭: দক্ষিণগামী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হয়ে সরাসরি ধানমন্ডি ২৭-এর দিকে যাবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের বিশেষ নির্দেশ
অনুষ্ঠান চলাকালীন ফার্মগেট নামার মুখে যানজট বা দুর্ভোগ এড়াতে গাড়িচালকদের ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।