ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম কমিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৪ টাকা ৪৪ পয়সা কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ মূল্য মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বিইআরসি জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি, পর্যালোচনা ও বিশ্লেষণের মাধ্যমে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

কমিশনের তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের দাম, অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় জুলাই মাসের জন্য নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিপণন চার্জ প্রতি লিটার ৭১ পয়সা এবং সমন্বিত পরিবহন চার্জ প্রতি লিটার ১ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৮ মে ফার্নেস অয়েলের দাম বাড়িয়ে প্রতি লিটার ১১৩ টাকা ৫৪ পয়সা করা হয়েছিল। তারও আগে ১২ এপ্রিল দাম বাড়িয়ে প্রতি লিটার ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, ফার্নেস অয়েল মূলত বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা ও জাহাজে ব্যবহৃত এক ধরনের ভারী জ্বালানি তেল।