বিদেশে কঠোর পরিশ্রম করার পরও মাসের পর মাস বেতন না পেয়ে ইহরাম পরা অবস্থায় সরাসরি আল্লাহর কাছে বিচার চেয়েছেন এক প্রবাসী কর্মী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, প্রতারণার শিকার ওই প্রবাসী আবেগাপ্লুত কণ্ঠে তার দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিকের কথা তুলে ধরছেন। তিনি জানান, একটি প্রতিষ্ঠানে কাজ করে টানা পাঁচ মাসের বেতন পাননি। পরে অন্য একটি জায়গায় কাজ শুরু করলেও সেখানে দুই মাসের পারিশ্রমিক থেকেও বঞ্চিত হন।

চরম হতাশা ও অসহায়ত্ব প্রকাশ করে ওই কর্মী বলেন, পৃথিবীর মানুষ তার কষ্টের কথা না জানলেও মহান আল্লাহ সবকিছু জানেন। তাই আর কোনো অভিযোগ না করে তিনি তার ওপর হওয়া অন্যায়ের বিচার আল্লাহর কাছেই সোপর্দ করেছেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রবাসী শ্রমিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রবাসে কর্মরত শ্রমিকদের শ্রমশোষণ ও বেতন বঞ্চনার বিষয়টি আবারও সামনে এসেছে।

সংশ্লিষ্টরা বলছেন, হাড়ভাঙা পরিশ্রমের পরও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়া অনেক প্রবাসী শ্রমিকের জন্য একটি বড় বাস্তবতা। অনেক ক্ষেত্রে আইনি জটিলতা, নিয়োগকর্তার অনিয়ম কিংবা যথাযথ সহায়তার অভাবে তারা দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন।