স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জাপান। তবে নাটকীয় এই পরাজয়ের পর জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসুর আচরণ ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করেছে।
মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ম্যাচ শেষের বাঁশি বাজার পর মোরিয়াসু মাঠেই খেলোয়াড়দের একত্র করেন। এরপর সমর্থকদের সামনে মাথা নত করে দলের পক্ষে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
জয়ের আনন্দ উপহার দিতে না পারায় গভীর দুঃখ প্রকাশ করে জাপান কোচ বলেন, একজন কোচ হিসেবে এই ব্যর্থতার দায় তিনি নিজের কাঁধেই নিচ্ছেন। একই সঙ্গে হিউস্টনের স্টেডিয়ামে উপস্থিত দর্শক এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জাপানকে সমর্থন জানানো ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ম্যাচে শুরুতে কাইশু সানোর গোলে এগিয়ে যায় জাপান। তবে দ্বিতীয়ার্ধে কাসেমিরোর হেডে সমতায় ফেরে ব্রাজিল। নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে পর্যন্ত ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা থাকলেও ইনজুরি টাইমের শেষ মুহূর্তে গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শেষ বাঁশি বাজার পর হতাশায় ভেঙে পড়েন জাপানের ফুটবলাররা। মাঠ ছাড়ার আগে মোরিয়াসু খেলোয়াড়দের নিয়ে একটি বৃত্ত তৈরি করে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারে দেখা যায়, বক্তব্য শেষে তিনি মাথা নত করলে খেলোয়াড়রা করতালির মাধ্যমে তাকে সম্মান জানান।
আবেগঘন প্রতিক্রিয়ায় মোরিয়াসু বলেন, বিশ্বকাপ যাত্রার সমাপ্তি হওয়ায় সবাই হতাশ। তবে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়েছেন। এই হতাশাকে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রেরণা হিসেবে কাজে লাগানোর কথাও জানান তিনি।
এবারের বিশ্বকাপে জাপান একটি জয়, দুটি ড্র এবং একটি হার নিয়ে বিদায় নিল। অন্যদিকে ব্রাজিল শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।