স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় উঠে এসেছেন ঘানার আলোচিত তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম। এবার তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, টুর্নামেন্টের শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিদায় করবে আফ্রিকার দেশ কেপ ভার্দে।
বিশ্বকাপের গ্রুপপর্বে ইংল্যান্ড ও ঘানার ম্যাচ চলাকালে গ্যালারিতে রহস্যময় আচরণের মাধ্যমে আলোচনায় আসেন বোন্সাম। ম্যাচ চলাকালে তাকে গ্যালারিতে সাদা পাউডার ছিটাতে দেখা যায়। পরে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি ‘কালো জাদুর অভিশাপ’ প্রয়োগ করেছিলেন, যার কারণে ওই ম্যাচে কেইন গোল করতে পারেননি।
কাকতালীয়ভাবে সেই ম্যাচে হ্যারি কেইন কোনো গোল করতে পারেননি। এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটও নিতে ব্যর্থ হয় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।
এবার নতুন করে আর্জেন্টিনাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে বোন্সাম বলেছেন, “কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।” তবে এ ম্যাচকে ঘিরে তিনি কোনো ধরনের বিশেষ আচার-অনুষ্ঠান বা কালো জাদুর ব্যবহার করবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি।
আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে ইতোমধ্যেই নিজেদের দৃঢ় রক্ষণভাগ ও গোলকিপিং দক্ষতায় নজর কেড়েছে। গ্রুপপর্বে স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পাশাপাশি উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে দলটি। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়ে টুর্নামেন্টের অন্যতম চমক হিসেবে আবির্ভূত হয়েছে আফ্রিকার দেশটি।
এখন দেখার বিষয়, ঘানার তান্ত্রিক বোন্সামের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, নাকি লিওনেল স্কালোনির শিষ্যরা কেপ ভার্দেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে।