দুই ম্যাচ সিরিজের প্রথম টি–টুয়েন্টিতে ভারতকে ৩৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। তাতেই হয়েছে ইতিহাস। সব সংস্করণ মিলিয়ে ভারতের বিপক্ষে ১২ ম্যাচে আয়ারল্যান্ডের এটিই প্রথম জয়।
বেলফাস্টে শুক্রবার আইরিশদের দেয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ১৪৮ রানেই গুটিয়ে যায় ভারত। টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান তোলে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক লরকান টাকার। এছাড়া গ্যারেথ ডিলানি ৪৯, জর্জ ডকরেল ১৯, টিম টেক্টর ১৭ ও বেন ক্যালিটজ ১৫ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। তবে একপ্রান্ত আগলে রেখে খেলে যান ওপেনার অভিষেক শর্মা। কিন্তু দলকে বিপদে ফেলে ব্যক্তিগত ৪৯ রানে ফেরেন তিনিও। তিলক ভার্মা ও অক্ষর প্যাটেলকে নিয়ে জয়ের প্রয়াস চালান শিভম দুবে।
১৯ রানে তিলক, ১৫ রানে অক্ষর ও ২৫ রানে দুবে আউট হন। আর বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। এতে ১৪৮ রানে গুটিয়ে যায় ভারত। আয়ারল্যান্ডের সবচেয়ে সফল বোলার ম্যাট হোলার্ড। সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি।