উজবেকিস্তানের বিপক্ষে জয়সূচক গোল করে দলকে জয় এনে দেওয়ার পরও সংবাদ সম্মেলনে নিজের পারফরম্যান্সের চেয়ে লিওনেল মেসিকে ঘিরে করা প্রশ্নেই বেশি বিরক্তি প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বীকে নিয়ে করা এক প্রশ্নকে তিনি সরাসরি ‘অর্থহীন’ বলে মন্তব্য করেন।
চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন দুই তারকা ফুটবলার। দুই ম্যাচে পাঁচ গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন লিওনেল মেসি। অন্যদিকে দুই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার পর সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠে আসে মেসি প্রসঙ্গ।
এক সাংবাদিক জানতে চান, বিশ্বকাপের পরবর্তী কোনো পর্যায়ে আর্জেন্টিনার মুখোমুখি হলে সেটি দুই কিংবদন্তির সম্ভাব্য বিদায়ী লড়াই হিসেবে কতটা বিশেষ হবে। প্রশ্নের জবাবে বিরক্তি প্রকাশ করে রোনালদো বলেন, এই মুহূর্তে এমন প্রশ্নের কোনো গুরুত্ব নেই।
তিনি বলেন, মেসির বিপক্ষে খেলতে হলে অবশ্যই ভালো লাগবে, তবে এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের জয়, পরবর্তী পর্বে যাওয়া এবং সামনের ম্যাচের প্রস্তুতি। তিনি জানান, উজবেকিস্তানের বিপক্ষে গোল করে দলকে সহায়তা করতে পেরে তিনি সন্তুষ্ট।
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আরেক সাংবাদিক মেসির সাম্প্রতিক পারফরম্যান্সের প্রসঙ্গ তুলতে শুরু করলে রোনালদো তাকে থামিয়ে পরবর্তী প্রশ্নে যাওয়ার ইঙ্গিত দেন। পরে তিনি স্পষ্ট করে জানান, সব প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য বাধ্যতামূলক নয়; প্রশ্ন পছন্দ না হলে তিনি উত্তর নাও দিতে পারেন।
নিজের পারফরম্যান্স নিয়ে রোনালদো বলেন, তিনি সবসময় নিজের লক্ষ্য পূরণে বিশ্বাসী। মাঠে দলকে সহায়তা করা, সতীর্থদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকা এবং নিজের দায়িত্ব পালন করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি।
উজবেকিস্তানের বিপক্ষে জয়ের ফলে দুই ম্যাচ শেষে পর্তুগালের সংগ্রহ চার পয়েন্ট। অন্যদিকে দুই ম্যাচেই জয় পেয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বিয়া। গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী শনিবার কলম্বিয়ার মুখোমুখি হবে রোনালদোর দল।