আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা নিয়ন্ত্রণ, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দেশের ৫টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো— কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার।
গতকাল সোমবার (২২ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনার পর এই ৫ জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
৮ দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় ও যৌথ কর্মপরিকল্পনার মাধ্যমে গতকাল সোমবার সন্ধ্যা থেকেই বিজিবি সদস্যরা মাঠে নেমেছেন। আগামী ৩০ জুন পর্যন্ত টানা ৮ দিন এই ৫টি জেলায় বিজিবি সদস্যরা তাঁদের নিয়মিত টহল ও বিশেষ নিরাপত্তামূলক দায়িত্ব পালন করবেন।
অন্যান্য জেলাতেও ‘স্ট্যান্ডবাই’ বিজিবি
বিজিবি সদর দপ্তর আরও জানিয়েছে, ঘোষিত ৫টি জেলা ছাড়াও দেশের অন্যান্য জেলাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি বা প্রয়োজন অনুযায়ী দেশের যেকোনো স্থানে তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে বিজিবি সদস্যদের বিশেষ টিম সার্বক্ষণিক প্রস্তুত বা ‘স্ট্যান্ডবাই’ রাখা হয়েছে।
উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে।