ময়মনসিংহের গফরগাঁওয়ে ছেলেকে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। এতে ক্ষুব্ধ হয়ে মামলার প্রধান আসামি শরীফের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের কালিবাড়ী চর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগেই পরিস্থিতি টের পেয়ে আসামির পরিবারের সদস্যরা গা ঢাকা দেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পানি খাওয়ার অজুহাতে কয়েকজন ব্যক্তি ওই নারীর ঘরে প্রবেশ করেন। এরপর তার শিশুপুত্রকে জিম্মি করে তাকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়ার পাশাপাশি ধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী নারীর কাছে আরও অর্থ দাবি করে অভিযুক্তরা।

এ ঘটনায় গত শুক্রবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে প্রতিবেশী শরীফ, আরিফ, ফাহিম, রাজীব ও এনামুলকে আসামি করে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজীবকে গ্রেপ্তার করলেও মামলার প্রধান আসামি শরীফসহ চারজন এখনও পলাতক রয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে শরীফের বসতবাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ জানান, আসামির বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীকে অনুরোধ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।