রাজধানীর তেজগাঁওয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর স্পোর্টস কার এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকল (ইভি) প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৩ মে) সকালে তেজগাঁওস্থ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তির বিভিন্ন স্পোর্টস কার, উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত ইলেকট্রিক গাড়ি এবং নতুন মডেলের বাণিজ্যিক যানবাহনগুলো ঘুরে দেখেন। এ সময় অংশগ্রহণকারী বিভিন্ন দেশি-বিদেশি অটোমোবাইল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাঁকে নতুন নতুন প্রযুক্তি, কার্যক্ষমতা এবং পরিবেশবান্ধব যানবাহনের বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

চালকের আসনে প্রধানমন্ত্রী

প্রদর্শনী পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মেলায় প্রদর্শিত একটি অত্যাধুনিক ও পরিবেশবান্ধব বাণিজ্যিক ট্রাকের স্টিয়ারিংয়ে বসেন। তিনি নিজে গাড়িটির চালকের আসন গ্রহণ করে স্বল্প সময়ের জন্য সেটি চালিয়ে পরীক্ষা করেন। প্রধানমন্ত্রীকে স্বয়ং ট্রাকের চালকের আসনে দেখে সেখানে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি হয়।

পরিবেশবান্ধব প্রযুক্তিতে গুরুত্বারোপ

যানবাহনগুলো পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামগ্রিক পরিবহন খাতে আধুনিক প্রযুক্তির সমন্বয় এবং পরিবেশবান্ধব ইভি (Electric Vehicle) প্রযুক্তির প্রসারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ভবিষ্যতের টেকসই বাংলাদেশ বিনির্মাণে কার্বন নিঃসরণ কমানো এবং সাশ্রয়ী জ্বালানি নিশ্চিতের কোনো বিকল্প নেই। সরকার পরিবেশবান্ধব ও জ্বালানি-সাশ্রয়ী স্মার্ট যানবাহন চালুর বিষয়ে অত্যন্ত ইতিবাচক।”

পাশাপাশি দেশের অভ্যন্তরে প্রযুক্তিনির্ভর এই উদীয়মান শিল্প খাতের টেকসই মানোন্নয়নে এবং স্থানীয়ভাবে পরিবেশবান্ধব গাড়ি সংযোজন বা উৎপাদন বাড়াতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সাথে এই খাতে বড় ধরণের বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, দেশের শীর্ষসারির ব্যবসায়ী প্রতিনিধি, অটোমোবাইল খাতের বিশেষজ্ঞ এবং বিভিন্ন স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।