মাত্র ৫৬ টাকা আবেদন ফি জমা দিয়েই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন রাজবাড়ীর ২০ জন তরুণ-তরুণী। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

রোববার (১৭ মে) রাজবাড়ী পুলিশ লাইন্সে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত, শারীরিক সক্ষমতা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যাচাই-বাছাই করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির বা অতিরিক্ত অর্থ লেনদেন ছাড়াই শুধুমাত্র ৫৬ টাকা সরকারি ফি জমা দিয়ে চাকরি পেয়েছেন নির্বাচিতরা।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে নারী ও পুরুষ উভয় প্রার্থীই রয়েছেন। ফলাফল ঘোষণার পর নির্বাচিতদের পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত “মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ” নীতির আলোকে পুরো কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে সাধারণ পরিবারের মেধাবী তরুণ-তরুণীদের জন্য পুলিশের চাকরিতে যোগদানের সুযোগ আরও সহজ হয়েছে।

তিনি আরও বলেন, “বাংলাদেশ পুলিশে এখন স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সুযোগ নেই।”