ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ বান্দি সঞ্জয় কুমারের ছেলে বান্দি ভগীরথ সাইকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ। নাবালিকা এক কিশোরীর দায়ের করা মামলায় তেলেঙ্গানা হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন আবেদন খারিজ করার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শনিবার (১৬ মে) বান্দি সঞ্জয় জানান, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি নিজেই ছেলেকে তদন্তে সহযোগিতার জন্য পুলিশের কাছে সোপর্দ করেছেন। ২৫ বছর বয়সী সাইয়ের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইন (পকসো) ও ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বান্দি সঞ্জয় বলেন, “আইনের চোখে সবাই সমান। সে আমার ছেলে হলেও আইন তার নিজস্ব গতিতে চলবে।” তিনি আরও জানান, তার ছেলে শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির সুরাহা হবে বলে তারা বিশ্বাস করেন।

শুক্রবার গভীর রাত পর্যন্ত শুনানি শেষে তেলেঙ্গানা হাইকোর্ট সাইকে কোনো অন্তর্বর্তী সুরক্ষা দিতে অস্বীকৃতি জানায়। অভিযোগকারী পক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করলে বিচারপতি টি মাধবী দেবী বলেন, এ মুহূর্তে আদালত কোনো অন্তর্বর্তী আদেশ দিতে আগ্রহী নয়।

অন্যদিকে সাই দাবি করেছেন, পুরো ঘটনাটি একটি “হানি-ট্র্যাপ ও চাঁদাবাজির চেষ্টা”। তার অভিযোগ, ওই কিশোরী ও তার পরিবার তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল এবং ৫ কোটি রুপি দাবি করেছিল।

এদিকে বান্দি সঞ্জয় অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও “মিথ্যা প্রচারণা” বলেও দাবি করেছেন।