চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বুধবার (১৩ মে) পর্যন্ত মোট ৫৫ হাজার ২৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২২৭ জন যাত্রী রয়েছেন।
চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স অংশ নিচ্ছে।
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৯টি ফ্লাইটে ২৭ হাজার ৪২৮ জন, সৌদি এয়ারলাইন্স ৫১টি ফ্লাইটে ১৯ হাজার ১১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করেছে।
সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্ক থেকে ১৬ হাজার ২টি সেবা প্রদান করা হয়েছে।
এদিকে, বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এ বছর এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ৩ জন মারা গেছেন।
সবশেষ গত ১২ মে গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মারা যান বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে যাওয়ার শেষ হজ ফ্লাইট আগামী ২১ মে পরিচালিত হবে। আর হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট চলবে ৩০ জুন পর্যন্ত।