ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার সংলগ্ন পশ্চিম জারকাছা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে রিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের মেঝেতে বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
নিহত রিনা বেগম ওই এলাকার মানিক উদ্দিনের স্ত্রী এবং তিন সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম জারকাছা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণাধীন ভবনের কক্ষের ভেতরে বালুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় ছেলে আরজু (২০) অভিযোগ করেন, একই এলাকার আবুল খায়েরের ছেলে ও নির্মাণশ্রমিক সাইফুল ইসলামকে ঘটনার দিন ওই ঘরের ভেতরে বালু খুঁড়তে দেখা যায়। তার দাবি, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার মাকে হত্যা করা হয়েছে। পরে প্রমাণ গোপনের জন্য মরদেহ বালুর নিচে চাপা দেওয়া হয়।
নিহতের ছোট ছেলে আব্দুল আল রাজু (১২)সহ পরিবারের সদস্যরা এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঘটনাটি নিয়ে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।