ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার পর ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনাকে ঘিরে হাসপাতালে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

স্বজনদের অভিযোগ, কিডনি জটিলতায় আক্রান্ত শিশু মিনহাজকে উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকায় আনা হয়। চিকিৎসকের নির্দেশ ছিল, কোনোভাবেই শিশুটির অক্সিজেন মাস্ক খোলা যাবে না। তবে উন্নত চিকিৎসা ও বেসরকারি ক্লিনিকে নেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি শিশুটির মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নেন।

পরিবারের দাবি, এরপর প্রায় ২০ মিনিট শিশুটিকে অক্সিজেন ছাড়াই হাসপাতালের ভেতরে ঘোরানো হয়। পরে অ্যাম্বুলেন্সে তোলার সময় তারা বুঝতে পারেন শিশুটি আর বেঁচে নেই।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনায়েত করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাময়িক বরখাস্তকৃত অফিস সহকারী বলে জানা গেছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে দালালি ও প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও রোগী স্থানান্তর ও আর্থিক লেনদেনসংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠেছিল। এসব অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হলেও তিনি হাসপাতাল এলাকায় সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় হাসপাতাল এলাকায় দালালচক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, রোগীর চাপের সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা করে থাকে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে লিখিত মুচলেকা নিয়ে অভিযুক্তকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।