সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। সোমবার (৪ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

মৃতদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় সাতজন এবং মদিনায় দুইজনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ নিহতরা হলেন—ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর মডেলের মাহফুজা বেগম (৫২)। তারা উভয়েই মক্কায় ইন্তেকাল করেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তাদের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

এদিকে, এখন পর্যন্ত ১১৮টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৪৪৩ জন রয়েছেন।

ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৪টি, সৌদি এয়ারলাইন্সের ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইট চলাচল করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন রয়েছেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি গমনকারী ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।