দেশজুড়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মে মাসজুড়ে বৈরী আবহাওয়ার আশঙ্কার পাশাপাশি তীব্র তাপপ্রবাহ ও সম্ভাব্য ঘূর্ণিঝড়েরও আভাস দেওয়া হয়েছে।
রোববার (৩ মে) প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী অন্তত ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মে মাসে বঙ্গোপসাগরে ১–২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পাশাপাশি এ মাসে দেশে ১টি তীব্র তাপপ্রবাহ (৪০–৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দেশে বিক্ষিপ্তভাবে ৫–৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ২–৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। তবে বৃষ্টিপাত কমে গেলে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।
১২০ ঘণ্টার স্বল্পমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকলেও, ভারী বৃষ্টির কারণে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদীর পানি সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।