ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিভিন্ন দেশ। সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, ১৬ মে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে হবে ৩০তম দিন। অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হতে পারে, সে হিসেবেই ২৭ মে ঈদের সম্ভাব্য দিন ধরা হচ্ছে।

এছাড়া পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরাও জানিয়েছেন, আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে। যুক্তরাজ্য ও ইউরোপে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ বা ২৮ মে ঈদ শুরু হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

সংযুক্ত আরব আমিরাতের হিসাব অনুযায়ী আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে এবং ঈদুল আজহা ২৭ মে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবে বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিক ঘোষণা দেবে।