ভারতের রাজধানী দিল্লি-র ভিবেক বিহার এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি হয়েছে। রবিবার (২ মে) ভোর চারটার দিকে চারতলা ভবনটিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোর ৪টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে, এতে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের পর ভবন থেকে এক ডজনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের গুরু ত্যাগ বাহাদুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, ভবনটির বড় অংশ পুড়ে গেছে এবং ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজেন্দ্র প্রসাদ মীনা জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
এদিকে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।