গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় এক ইমাম মাওলানা হাদিউল ইসলামের মেয়ে ও মাদ্রাসাশিক্ষার্থী অপহরণের ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ জানায়, শ্রীপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি মো. বাচ্চু মিয়াকে (৪৭) সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাজেন্দ্রপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই ঘটনায় অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযান চালিয়ে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ১৪ এপ্রিল সকালে মাওনা এলাকায় মাদ্রাসায় যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং ধারাবাহিকভাবে আসামিদের গ্রেপ্তার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, “এ পর্যন্ত আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।