জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর একটি বাসের চালককে মারধরের প্রতিবাদে গভীর রাতে ঢাকায় গিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত সোমবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে ঢাকার আসাদ গেট এলাকার সোনার বাংলা সার্ভিস স্টেশনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে পুলিশের আশ্বাসে মঙ্গলবার ভোরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।

জানা যায়, রাত ১০টার দিকে বাসটি বঙ্গবাজার থেকে ক্যাম্পাসের দিকে আসার সময় আসাদ গেট এলাকার ওই ফিলিং স্টেশনে যানজটে আটকে পড়ে। সেখানে মোটরসাইকেলে থাকা কয়েকজনের সঙ্গে বাসচালক সাগর হোসেনের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে অজ্ঞাত কয়েকজন তাকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে রাতেই একটি বাসে করে তারা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি করেন।

শিক্ষার্থীদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।