দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। শনিবার (১৮ এপ্রিল) রাতে সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ এক বার্তায় এ তথ্য জানান।
বার্তায় তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে দাম সমন্বয় করায় সরকারকে ধন্যবাদ জানানো হচ্ছে। এর ফলে জ্বালানি তেলের মজুত প্রবণতা কমবে এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে, শনিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়ানো হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন দফায় প্রতি লিটার জ্বালানি তেলের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এতে অকটেনের দাম প্রতি লিটারে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা এবং ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এই মূল্য রবিবার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হবে। মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত মূল্যে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে জ্বালানি তেল বিক্রি করতে হবে।
এর আগে, মার্চ মাসের শেষ দিকে জ্বালানি তেলের দাম কমানো হলেও বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে এবার বড় পরিসরে দাম বাড়ানো হয়েছে।