ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জেরে দাওয়াত খেয়ে ফেরার পথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজার ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গট্টি ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুজনই বিএনপির সমর্থক হিসেবে পরিচিত, যদিও অতীতে তারা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার বিকেলে দাওয়াত খেয়ে ফেরার পথে জাহিদ মাতুব্বরের সমর্থক আরিফ মাতুব্বরকে ভ্যান থেকে নামিয়ে মারধর করার অভিযোগ ওঠে নুরু মাতুব্বরের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে সন্ধ্যার পর দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টর্চলাইট জ্বালিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২০–২৫টি বসতঘর ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে।

এ ছাড়া জাহিদ মাতুব্বরের সমর্থক আবুল শেখ অভিযোগ করেন, সংঘর্ষের সময় তার তিনটি গরু লুট করে নেওয়া হয়।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”