খুলনায় নিজ সার্ভিস রাইফেল ব্যবহার করে এক পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত পুলিশ সদস্য সম্রাট বিশ্বাস (৩০)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। ২০১৮ সালে তিনি পুলিশে যোগ দেন এবং সম্প্রতি ছয় মাস আগে খুলনা রেলওয়ে পুলিশে বদলি হয়ে আসেন। তাঁর স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সম্রাট নিজের মাথায় চাইনিজ রাইফেল ঠেকিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ভোরে দায়িত্ব পালনকালে চেয়ারে বসে তিনি আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে এমন ঘটনা ঘটতে পারে, তবে বিস্তারিত তদন্তের পর কারণ জানা যাবে।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আহমেদ মাঈনুল হাসান জানান, ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।