দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ ও আধুনিক করতে রাজধানী ঢাকার ফিলিং স্টেশনগুলোতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপ চালু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ এপ্রিল) থেকে আরও ৬ জেলায় অ্যাপটির পাইলটিং কার্যক্রম বিস্তৃত করা হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুরুতে রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে এই অ্যাপ চালু থাকলেও এখন তা বাড়িয়ে ঢাকার ১৮টি পেট্রল পাম্পে সম্প্রসারণ করা হয়েছে।
এছাড়া ফুয়েল পাস অ্যাপের আওতা বাড়ানোর অংশ হিসেবে মোটরসাইকেল নিবন্ধনের জন্য ঢাকা জেলার পাশাপাশি আরও কয়েকটি জেলা যুক্ত করা হয়েছে। এসব জেলার মধ্যে রয়েছে—ঢাকা ও ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রো, বরিশাল ও বরিশাল মেট্রো, খুলনা ও খুলনা মেট্রো, রাজশাহী ও রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ।
এসব জেলায় নিবন্ধিত মোটরসাইকেল এখন থেকে ‘ফুয়েল পাস বিডি’ সিস্টেমে অন্তর্ভুক্ত হয়ে জ্বালানি গ্রহণ করতে পারবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এই কার্যক্রম চালু করা হবে বলে জানানো হয়েছে।
আবেদন পদ্ধতি
ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পন্ন করে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই নিবন্ধন করা যাবে।