পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গরু চুরির মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন এবং আসামি পালিয়ে গেছে।
তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেলে এই ঘটনা ঘটে। হামলায় আহত পুলিশ সদস্য বনমালী রায় বর্তমানে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লোহাকাচি গ্রামের শরিফ উদ্দিনের গোয়াল থেকে গত বুধবার রাতে দুটি গরু চুরি হয়। এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে এসআই বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল আসামি রাসেল ইসলামকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়।
অভিযান চলাকালে পুলিশ নিশ্চিত হয় যে আসামি নিজ বাড়িতেই অবস্থান করছে। এ সময় পুলিশ সদস্য বনমালী রায় দরজার কাছে গেলে হঠাৎ করে রাসেল ইসলাম দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং সেই সুযোগে আসামি পালিয়ে যায়।
আহত পুলিশ সদস্যের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহফুজা মুনির পূর্বা। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত থাকলেও পর্যবেক্ষণে আছেন।
পলাতক আসামি রাসেল ইসলাম (৩৩) লোহাকাচি গ্রামের বাসিন্দা। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে এলাকায় গরু ও ভ্যান চুরিসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছিল। হঠাৎ হামলায় একজন পুলিশ সদস্য আহত হন এবং আসামি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।