ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় স্বপন মিয়া (৩০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন মিয়া কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার চেঁচুয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্বপন পেশায় ভ্যানচালক ছিলেন। দুপুরে তিনি এলেঙ্গা থেকে ভ্যানে করে পার্শ্ববর্তী ভূঞাপুর উপজেলার নিকরাইল বাজারে টিন পৌঁছে দিতে যান। কাজ শেষ করে ফেরার পথে হাতিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এএসআই পিযূষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত পালিয়ে যায়, ফলে সেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।