নরসিংদীর রায়পুরায় লেনদেনকে কেন্দ্র করে বাগবিতণ্ডার সময় একটি স্বর্ণালংকারের দোকানের দুই কর্মচারীর নিক্ষেপ করা অ্যাসিডে তিন যুবক দগ্ধ হয়েছেন। বুধবার বিকেলে রায়পুরা পৌরসভার হাসিমপুর মৌলভী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—রায়পুরার শ্রীরামপুর এলাকার দুলাল বিশ্বাসের ছেলে দ্বীপ বিশ্বাস (১৯), শহিদুল্লার ছেলে ওবায়দুল্লাহ (১৯) এবং রামনগর হাটির আলিম মিয়ার ছেলে আহমেদ সেজান (১৮)।

পুলিশ, আহতদের স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার বেলা আড়াইটার দিকে রায়পুরা বাজারের বিশ্বাস স্বর্ণ শিল্পালয়ের মালিক দুলালের সঙ্গে হাসিমপুর মৌলভী বাজারের লতা স্বর্ণ শিল্পালয়ের মালিক কেশব রায়ের ব্যবসায়িক লেনদেন নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এরই সূত্র ধরে দুলালের ছেলে দ্বীপ বিশ্বাস তার দুই সহপাঠীকে নিয়ে কেশব রায়ের দোকানে যায়। সেখানে দোকানের কর্মচারীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দোকানের কর্মচারী উদয় ও সৌরভ তিনজনকে লক্ষ্য করে স্বর্ণালংকার তৈরিতে ব্যবহৃত অ্যাসিড নিক্ষেপ করে।

ঘটনার পর অভিযুক্ত দুই কর্মচারী দোকানের শাটার বন্ধ করে পালিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কেশব রায়কে আটক করেছে রায়পুরা থানা পুলিশ।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, বুধবার বিকেলে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়। দ্বীপ বিশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তার চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। অপর দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মো. মজিবর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে লেনদেন নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।