ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরিফ নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জানা গেছে, তিনি একটি বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি (দালাল) হিসেবে কাজ করতেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ওষুধ দেওয়ার কথা বলে তাকে কৌশলে তৃতীয় তলার নির্জন স্থানে নিয়ে যান। সেখানে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ও অন্যান্য রোগীর স্বজনরা ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সরকারি হাসপাতালের মতো একটি সুরক্ষিত স্থানে এমন ঘটনায় সাধারণ মানুষ ও হাসপাতাল সংশ্লিষ্টদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. তৈয়বুর রহমান বলেন, “হাসপাতালে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।