ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘পুরো দেশটি (ইরান) মাত্র এক রাতেই ধ্বংস করা সম্ভব এবং সেই রাত হতে পারে আগামীকাল রাতই।’ এ মন্তব্যটি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে উঠে এসেছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নির্ধারিত সর্বশেষ সময়সীমা (মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা) অতিক্রম করার প্রেক্ষাপটে ট্রাম্প এই বক্তব্য দেন। একই সঙ্গে গত সপ্তাহে ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় সেনাকে উদ্ধারের ঘটনাকে তিনি ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির অধিকারী যুক্তরাষ্ট্র। তিনি বলেন, নিখোঁজ সেনাকে উদ্ধারে বড় ধরনের অভিযান পরিচালনা করা হয় এবং যেকোনো মূল্যে তাকে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রেসিডেন্ট আরও জানান, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর দুই ক্রু সদস্যই ইজেক্ট করে ইরানি ভূখণ্ডে অবতরণ করেন। উদ্ধার অভিযানে অংশ নেওয়া বাহিনীকে সেখানে শত্রুপক্ষের গোলাবর্ষণের মুখোমুখি হতে হয়, এমনকি একটি হেলিকপ্টারেও গুলির আঘাত লাগে বলে তিনি উল্লেখ করেন।

উদ্ধার হওয়া সেনার শারীরিক অবস্থা সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি গুরুতর আহত ছিলেন এবং প্রচুর রক্তক্ষরণের পরও নিজের অবস্থান জানাতে সক্ষম হন। পরে দীর্ঘ প্রায় ৪৮ ঘণ্টার অভিযান শেষে কোনো প্রাণহানি ছাড়াই তাকে উদ্ধার করা হয়।

এই অভিযানে বিপুল সংখ্যক সামরিক সম্পদ মোতায়েন করা হয় বলে তিনি উল্লেখ করেন। অভিযানে অংশ নেওয়া সেনাদের সাহস ও দক্ষতার প্রশংসা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যেকোনো পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত এবং কোনো মার্কিন নাগরিককে পেছনে ফেলে আসে না।