দেশের অন্যতম বৃহৎ কাঁচাবাজার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে আবারও উচ্ছেদ অভিযান চালিয়ে মহাসড়কের দুই পাশ থেকে চার শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর অবস্থিত এ বাজারে দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণ করা জমি দখল করে গড়ে উঠেছিল অসংখ্য দোকানঘর। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র এসব দোকান থেকে মোটা অঙ্কের অগ্রিম ও মাসিক ভাড়া আদায় করত।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে অংশ নেয় সওজ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন। তাদের সহায়তা করে হাইওয়ে পুলিশ, থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তিনটি এক্সক্যাভেটরের মাধ্যমে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়।

সওজ সূত্র জানায়, এর আগেও ২০২৪ সালের ৮ নভেম্বর বাজারটি দখলমুক্ত করা হয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই আবার দখল হয়ে যায়। এবারও পূর্বে নোটিশ দেওয়া হলেও দখলদারেরা তা উপেক্ষা করায় বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়।

সওজ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁঞা বলেন, মহাসড়কে যানজট কমানো ও শৃঙ্খলা ফেরাতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পুনরায় দখল ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি অব্যাহত রাখবে।

স্থানীয় বাসিন্দারা উচ্ছেদে সন্তোষ প্রকাশ করলেও ব্যবসায়ীদের একাংশ জানান, প্রতিটি দোকানের বিপরীতে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত অগ্রিম নেওয়া হয়েছিল এবং মাসিক ভাড়া ছিল ৩ হাজার থেকে ৩০ হাজার টাকা। পুরো বাজার থেকে একটি সিন্ডিকেট মাসে প্রায় ২৫-৩০ লাখ টাকা ভাড়া আদায় করত বলেও অভিযোগ রয়েছে।

প্রশাসন জানিয়েছে, শুধু নিমসার বাজার নয়, মহাসড়কের অন্যান্য স্থানেও গড়ে ওঠা অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।