চট্টগ্রামে মিনহাজ উদ্দিন নামের এক যুবদল কর্মীর ওপর হামলা চালিয়ে তার এক হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে নগরীর বাকলিয়ার বলুয়ার দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মিনহাজ আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে অতর্কিত হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বলুয়ার দিঘির পাড় এলাকা থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দেন মিনহাজ। পথেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তার হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা দেড়টার দিকে মিনহাজের অনুসারীরা দক্ষিণ বাকলিয়ার বউবাজার এলাকায় কয়েকটি বাড়িতে পাল্টা হামলা চালায়। এতে আরমান ওরফে এঞ্জেল নামে এক যুবক আহত হন এবং কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বলুয়ার দিঘি এলাকা কোতোয়ালি ও বাকলিয়া—এই দুই থানার আওতাধীন হওয়ায় উভয় থানার পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন মুহাম্মদ কবির ভূঁইয়া বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার জেরে পাল্টাপাল্টি সহিংসতাও হয়েছে। দুই ঘটনাতেই মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটে, যেখানে কয়েকজন আহত হন এবং পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ কয়েকজনকে গ্রেপ্তার করে।