রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মো. সাকিব আল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ইউনুস মোল্লা।

রোববার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন সাকিব। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

জানা গেছে, সাকিব বরগুনা জেলার বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। পড়াশোনার জন্য তিনি ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় বসবাস করতেন।

এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. ফজলুল হক বলেন, “সাকিব আমার খুব প্রিয় শিক্ষার্থী ছিল। তার মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না।”

তিনি আরও জানান, সাকিবের পরিবারের সঙ্গে কথা হয়েছে। আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হবে।

সাকিবের অকাল মৃত্যুতে তার সহপাঠী ও শিক্ষকরা গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজঃইমরান