রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের পশ্চিম পাশের ফুটপাত দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, বায়তুল মোকাররম মার্কেট রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী বিপণন কেন্দ্র। কিন্তু দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ভাসমান ব্যবসা পরিচালনার কারণে মার্কেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

তাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কিছু উচ্ছেদ অভিযান চালানো হলেও অনেক ক্ষেত্রে এখনো দখলমুক্ত করা জায়গা পুরোপুরি পরিষ্কার করা হয়নি। ফলে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।

এ সময় বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের মহাসচিব কেএম ফারুক বক্তব্য রাখেন। কর্মসূচিতে অংশ নিতে ব্যবসায়ীরা নিজেদের দোকান বন্ধ রেখে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

ব্যবসায়ীরা আরও বলেন, নির্ধারিত স্থান ও আইনের আওতায় ব্যবসা পরিচালিত হলে সরকার যেমন রাজস্ব আদায় করতে পারে, তেমনি পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকারও নিশ্চিত হয়। কিন্তু ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান ব্যবসা নগরজীবনে বিশৃঙ্খলা তৈরি করছে এবং রাজস্ব ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।

তারা জানান, ফুটপাত দখলের কারণে পথচারীরা চরম দুর্ভোগে পড়ছেন এবং এর প্রভাব সড়কেও পড়ছে, বাড়ছে যানজট। তাই দ্রুত ফুটপাত দখলমুক্ত করে তা সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা।

এ ছাড়া দখলমুক্ত ফুটপাতের সৌন্দর্য রক্ষায় সেখানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা, যাতে ভবিষ্যতে পুনরায় দখলের ঝুঁকি কমে এবং নগর পরিবেশ আরও সুন্দর হয়।