লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. মিজান ইসলাম (১৮) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধবলসুতি ইউনিয়নের গাটিয়ারভিটা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রহমতপুর গাটিয়ারভিটা গ্রামের বাসিন্দা মফিজুল ইসলামের ছেলে মিজান ধানক্ষেতে পানি দিতে গিয়ে সীমান্তের কাছাকাছি চলে যান। এ সময় ভারতের অভ্যন্তরে প্রবেশ করার অভিযোগে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মিজানের কাঁধে গুলিবিদ্ধ হয়ে তিনি আহত অবস্থায় দ্রুত বাংলাদেশে ফিরে আসেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বাংলাদেশে নিয়ে আসে। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, ঘটনাটি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকের পর বিস্তারিত জানা যাবে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।