রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ‘হাম সাসপেক্টেড’ হয়ে নতুন করে ২০ জন শিশু ভর্তি হয়েছে। নতুন ও পুরোনো মিলিয়ে বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে মোট ৪১১ জন শিশু। চলতি বছরে হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ৪২ জন শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। বর্তমানে সেখানে ভর্তি রয়েছে ৬৪ জন শিশু। গুরুতর অবস্থার কারণে এক শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একই সময়ে ভর্তি থাকা ২৭ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলা হাসপাতালে মোট ৪২৪ জন শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে পাঁচ জন শিশুর মৃত্যু হয়েছে।