ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে। শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিয়ে যাত্রা করা একটি নৌকা ডুবে গেলে ইতালির কোস্টগার্ড ৩২ জনকে জীবিত এবং ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় এখনো প্রায় ৭০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই পুরুষ। তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান ও মিসরের নাগরিক রয়েছেন।

ইতালির কোস্টগার্ড এবং ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ)-এর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, প্রতিকূল আবহাওয়া এবং সাগরের বড় বড় ঢেউয়ের কারণে নৌযানটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

এদিকে জার্মান সংস্থা সি-ওয়াচ উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য একটি বিমান পাঠায়। সেই বিমান থেকে ধারণ করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, সাগরে উল্টে যাওয়া একটি কাঠের নৌকার তলদেশের ওপর কয়েকজন অভিবাসনপ্রত্যাশী আশ্রয় নিয়েছিলেন।