নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

এমরান মিয়া বাগেরহাট জেলায় কনস্টেবল হিসেবে কর্মরত। তার শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে।

আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান, এমরান মিয়া রাতে খুলনা থেকে ছেড়ে আসা ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে শ্বশুরবাড়িতে আসছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে গতি কমে আসে। এ সময় তিনি ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গেলে অসাবধানতাবশত চাকার নিচে পড়ে যান। এতে তার দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। তবে তার গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।