রাজধানীতে যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে অবৈধ আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণে নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (৫ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অনুমোদনহীন বা রুট পারমিট ছাড়াই পরিচালিত আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার, পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে শহরে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এর ফলে রাতের সময়ও তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
এ পরিস্থিতিতে নির্দেশ জারির ৭ কার্যদিবসের মধ্যে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়া মহানগরের অন্য কোথাও আন্তঃজেলা বাস কাউন্টার পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বিভিন্ন স্থানে স্থাপিত অবৈধ নাইট কোচ কাউন্টার স্ব-উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিল এবং মালামাল জব্দ করার মতো শাস্তি অন্তর্ভুক্ত থাকতে পারে।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজধানীর যানজট নিরসনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।