গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ফ্লাইওভারে বাস ও ট্রাকের সংঘর্ষে আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কোনাবাড়ি থানাধীন কালের ভিটা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নাজিম উদ্দিন রুহানী (৪০), টাঙ্গাইলের বাসুদেবপুর এলাকার আবুবক্করের ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং রাজশাহীর চারঘাট উপজেলার শিমুল নাহার (২০)।
গাজীপুর মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার এসএম শফিকুল ইসলাম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক এসে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়। এ ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।