মশারি টানিয়ে তেলপাম্পে রাতযাপনের দাবিতে ছড়িয়ে পড়া ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে শনাক্ত করেছে ফ্যাক্টচেক সংস্থা রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার জানায়, ছবিটি বাস্তব নয়; এটি এআই প্রযুক্তিতে তৈরি এবং ভুয়া তথ্য হিসেবে প্রচার করা হচ্ছে। তাদের ফ্যাক্টচেক অনুসন্ধান টিম বিষয়টি যাচাই করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব অপতথ্য বিভিন্ন রাজনৈতিক দল ও সমসাময়িক ইস্যুকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে।

রিউমার স্ক্যানার আরও বলছে, বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছে।

সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক দল গুজবের শিকার হচ্ছে এবং এ ধরনের ভুয়া তথ্য শনাক্তে ধারাবাহিকভাবে ফ্যাক্টচেক কার্যক্রম চালানো হচ্ছে।