ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি হামলার ঘটনায় তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সতর্ক করে বলেছেন, এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারে উপসাগরীয় দেশগুলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেন, ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে সংঘাতের সময় যেভাবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, বুশেহর ইস্যুতে তেমন অবস্থান লক্ষ্য করা যাচ্ছে না।
তিনি আরও দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চারবার বুশেহর পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরাগচি বলেন, যদি তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে, তবে এর প্রভাব শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, বরং গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)ভুক্ত দেশগুলোর রাজধানীগুলোকেও সরাসরি হুমকির মুখে ফেলতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতেও হামলা চালানো হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে এবং এর পেছনের উদ্দেশ্যও স্পষ্ট।
তবে এ ঘটনায় এখনো হামলার উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ বিরাজ করছে।