সংযুক্ত আরব আমিরাত-এর রাজধানী আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে অন্তত ১২ জন প্রবাসী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আবুধাবির আজবান এলাকায় একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জন নেপাল ও ৫ জন ভারতের নাগরিক।
আহত নেপালি নাগরিকদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি বিনা উসকানিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরান-এ হামলা চালানোর পর অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।
এই সংঘাতের জেরে আরব আমিরাতে ইতোমধ্যে সামরিক সদস্যসহ বিভিন্ন দেশের বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তথ্য অনুযায়ী, বিভিন্ন হামলায় অন্তত ৯ জন বিদেশি নাগরিক নিহত এবং ২৯ দেশের ২০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।